
চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল বুধবার (৮ এপ্রিল) গাউসুল আজম বিল বিরাসাত হজরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরস মোবারকের সমাপনী দিবসের চাহরাম শরিফ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় মিলাদ, কিয়াম, জিকির, মোনাজাত এবং তবাররুকাত পরিবেশনের মধ্য দিয়ে গতকাল বুধবার এই আয়োজন সুসম্পন্ন হয়। গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (ম.) সদারতে পবিত্র চাহরাম শরিফ অনুষ্ঠিত হয়।
এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, হে আল্লাহ, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে তোমার বান্দারা আপনার প্রিয় হাবিবের (স.) ও আউলিয়া কেরামের নেয়ামত হাসিলের জন্য দরবারে সমবেত হয়েছেন, তাঁদের হাজিরা কবুল করুন। মহান অলির খেদমতের বদৌলতে দুনিয়ায় একটি সম্মানের জীবন দান করুন।
সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী মোনাজাতে আরও বলেন, ওরস মোবারকের এই সমাপনী দিবসে আপনার অগণিত আশেক-ভক্ত দয়ার আশায়, ক্ষমার আশায়, শান্তির আশায়, দুনিয়া ও আখেরাতের মুক্তির আশায় আপনার কাছে হাত তুলেছেন। তাঁদের সকলের ফরিয়াদ কবুল করুন।
চাহরাম শরিফে তবাররুকাতকে সকলের জন্য রুহানি-জিসমানি বিমারির শেফা হিসেবে কবুল করার জন্য এবং সকলের গুনাহ-খাতা ক্ষমা করার জন্য ফরিয়াদ জানিয়ে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), গাউসুল আজম বিল বিরাসাত হজরত বাবা ভাণ্ডারী (ক.), কুতুবুল এরশাদ শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফাানায়ে ওয়াসেল মাইজভাণ্ডারী (ক.), অছিয়ে গাউসুল আজম শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (ক.) এবং বিশ্বঅলি শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) নজরে-করম ফয়জে-বরকত সকলের জন্য মঞ্জুর করুন।
বিশেষ মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী আবেগাপ্লুত হয়ে আরও বলেন, গাউসুল আজম বিল বিরাসাত হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারির (ক.) পবিত্র ওরসের সমাপনী দিবসে তাঁর আশেক-ভক্তরা নানা কর্মসূচির ইন্তেজাম করেছেন। আপনার বান্দারা দুনিয়ার প্রয়োজনকে দূরে ঠেলে দিয়ে আপনার প্রিয় বন্ধু মওলায়ে রহমানের দরবারে হাজির হয়েছেন, তাঁদের গুনাহ ক্ষমা করুন। দরবারের গোলাম হিসেবে আমাদের একটি সম্মানের জিন্দেগি দান করুন। আমাদের পিতা-মাতার উপযুক্ত খেদমত করার তৌফিক দিন। দেশ-বিদেশে যাঁরা কর্মরত আছেন, প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা দান করুন।
দেশ-বিদেশে অবস্থান করা শ্রমজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী ও কৃষিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতি দান করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, আমাদের অন্ধকার কবরে আলো দান করুন৷ দরবারের উপযুক্ত তথা হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) প্রবর্তিত ত্বরিকার শিক্ষা, আমল ও আখলাক দিয়ে আমাদের পরিপূর্ণ করুন।