
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে বিশাল শোডাউন হয়েছে। ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ নামের এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর ঢল নামে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় চকরিয়া পৌর বাসটার্মিনালে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বাসটার্মিনাল থেকে শুরু হয়ে মহাসড়কের জিদ্দাবাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, সাম্য, মানবিকতা ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন বাংলাদেশে ‘জুলাই জাতীয় সনদ’কে সাংবিধানিক রূপ দিতে গণভোটে সমর্থন জানানোর জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশে প্রধান বক্তা ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণ জেগে উঠেছে। তিনি বাংলাদেশের অতীত রাজনৈতিক ঘটনাবলীর প্রসঙ্গ টেনে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
চকরিয়া-পেকুয়া আসনের নির্বাচন পরিচালক আক্তার আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএস সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান।
এছাড়া সমাবেশে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌর আমীর আরিফুল কবির, মাতামুহুরি আমীর ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন এবং চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক।
বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সংগঠনের গৃহীত কর্মসূচি জোরদারের পাশাপাশি দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে নিজের অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
