তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী, তার হাতেই দেশ নিরাপদ: সালাহউদ্দিন


বাংলাদেশ ও দেশবাসীর ভাগ্য উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং জনগণের সমর্থনে তিনিই দেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমান ইতোমধ্যে দেশবাসীর উদ্দেশ্যে তার পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। তার মাধ্যমে প্রমাণিত, বাংলাদেশের স্বাধীনতা, দেশপ্রেম ও জনগণের নিরাপত্তা তার কাছেই নিশ্চিত। বিএনপি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি, উন্নয়ন ও জনগণের পক্ষের শক্তি। তাই দেশের অগ্রগতি ও উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে সহযোগিতা করতে হবে।”

‘ধর্মের নামে বিভ্রান্তি’ ও আওয়ামী লীগের সমালোচনা
ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতির কঠোর সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “একটি দল ধর্মের উসিলায় ভোট চাইছে, কেউ কেউ ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই। বাংলাদেশে সব ধর্মের মানুষের বসবাস এবং সবার সাংবিধানিক অধিকার সমান।”

আওয়ামী লীগের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি গণহত্যাকারী ও ফ্যাসিবাদী শক্তি। তারা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি, মূলত তারা ভারতের তাবেদার ছিল।”

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে। তাদের শীর্ষ নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কর্মীরা দেশ ছেড়ে যেতে পারেননি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি। যারা আগে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, এখন নিশ্চয়ই তাদের ভুল ভেঙেছে। আশা করি, এখন হলেও তারা বাংলাদেশ, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেবেন।

বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু এবং বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।