পটিয়ায় ছাতা প্রতীকের গণসংযোগ: ‘রাজনীতি ব্যবসা নয়, সেবা হিসেবে দেখেন ইয়াকুব আলী’


চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট ও এলডিপি মনোনীত প্রার্থী এম ইয়াকুব আলীর ছাতা প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছে নেতাকর্মীরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পটিয়া পৌরসভার মুন্সেফ বাজার, থানা হাট, আদালত রোড ও খাসমহল রোড এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের উদ্দেশে বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি পটিয়ার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা আর উন্নয়নবঞ্চিত পটিয়াকে নতুন পথে এগিয়ে নিতে হলে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। এম ইয়াকুব আলী সেই নেতৃত্ব, যিনি রাজনীতিকে ব্যবসা নয়, মানুষের সেবা হিসেবে দেখেন।

পথসভায় বক্তারা বলেন, ক্ষমতা নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই ইয়াকুব আলীর রাজনীতির লক্ষ্য। তিনি সংসদে গেলে পটিয়ার প্রতিটি গ্রাম ও মহল্লায় উন্নয়নের ছোঁয়া লাগবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও তরুণদের কর্মসংস্থানে তিনি বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। ছাতা প্রতীক আজ ঐক্য ও পরিবর্তনের প্রতীক। এই প্রতীকে ভোট মানেই গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে রায় দেওয়া এবং দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ মনছুর আলম, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক নাদের জামান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক আবদুর রশিদ, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সহ-সভাপতি কবির আহমদ সওদাগর, প্রচার সম্পাদক আবদুল কাদের, পটিয়া উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি নুরুল আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের আহ্বায়ক মো. ছৈয়দ।

এছাড়া এলডিপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, পটিয়ার জনগণ এবার আর ভুল করবে না। তারা ছাতা প্রতীকে ভোট দিয়ে এম ইয়াকুব আলীকে বিজয়ী করে সংসদে পাঠাবে এবং উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের নতুন অধ্যায় সূচনা করবে।