
পড়াশোনার পাশাপাশি সুস্থ দেহ ও মন গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। তিনি বলেছেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
বুধবার (২৮ জানুয়ারি) খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোন অধিনায়ক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মননশীলতা ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তরুণ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা একটি অপরিহার্য মাধ্যম। এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে।
অনুষ্ঠানে কলেজ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
