
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে সন্ত্রাস, চাঁদাবাজ ও টেন্ডারবাজমুক্ত জনপদ গড়ার অঙ্গীকার করেছেন ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান। তিনি বলেছেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া প্রতিষ্ঠা করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার মরিয়মনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় ‘মোমবাতি’ প্রতীকের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট ইকবাল হাছান বলেন, “রাঙ্গুনিয়াবাসীর প্রতীক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতীক এবং রিকশাচালক, ব্যবসায়ী, পেশাজীবী, মা-বোনসহ হিন্দু-বৌদ্ধ-মুসলমান—চার লাখ রাঙ্গুনিয়াবাসীর জনপ্রিয় প্রতীক মোমবাতি।”
পথসভায় তিনি আরও বলেন, তারা শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে মাঠে নেমেছেন। নির্বাচিত হলে সন্ত্রাস ও বালুদস্যুমুক্ত সমাজ গড়ার পাশাপাশি রাঙ্গুনিয়াকে দেশের একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে ১৩ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যেখানে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে সংসদে এলাকার মানুষের অধিকার জোরালোভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়ে ইকবাল হাছান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা পর্যন্ত সবাইকে রাজপথে সক্রিয় থাকতে হবে এবং মোমবাতি প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
