
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ‘ভূমিধস বিজয়’ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশবাসী রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশব্যাপী বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে, যে সরকারের মালিক হবে দেশের সব মানুষ।”
ভোটের রাজনীতিতে ধর্মের অপব্যবহার নিয়ে সতর্ক করে তিনি বলেন, “একটি দল ভোটের রাজনীতিতে মিথ্যাচার করছে। তাদের ভোট দিলে মরার পর জান্নাত পাওয়া যাবে বলে ধোঁকাবাজি করছে। এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।”
গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “বিএনপি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করবে যেখানে আর কোনো মানুষ গুম হবে না। কোনো মাকে যেন আর সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়। বাংলাদেশে যেন আর কোনো দিন শুনতে না হয় কেউ গুম হয়েছে।”
এলাকার মানুষের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, “দীর্ঘ ৩৫ বছর ধরে আমি আপনাদের সাথে আছি। ২০০৮ সালে জেলে থাকার কারণে নির্বাচন করতে পারিনি। সেবার আমার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদকে আমার চেয়েও বেশি ভোটে নির্বাচিত করেছিলেন। এ কারণে আমি ও আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল। দেশবাসী গণতন্ত্র হারিয়ে ফেলেছিল। কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি। এবার আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, গণতন্ত্রকে শক্তিশালী করবেন।”
একই দিন বিকেলে তিনি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং আরেকটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ ও সাহারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
