
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের গ্রাজুয়েট যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে দুই বছর মেয়াদি মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান করা হবে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এই প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “ফটিকছড়ির বেকারত্ব সমস্যা নিরসন এবং শিক্ষিত তরুণ সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হবে। জামায়াতে ইসলামী মনে করে, উচ্চশিক্ষিত তরুণদের আর্থিক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”
তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিপুলসংখ্যক গ্রাজুয়েট চাকরির অভাবে হতাশায় ভুগছেন। আমরা চাই তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থানের পথ তৈরি করুক। চাকরি খোঁজার মানসিকতা নয়, বরং চাকরি দেওয়ার মানসিকতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই ঋণের মাধ্যমে গ্রাজুয়েটরা ক্ষুদ্র ব্যবসা, ফ্রিল্যান্সিং ও কৃষি উদ্যোগে উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বার, ভূজপুর থানা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম ও সহ-সেক্রেটারি আবু তাহেরসহ ভূজপুর থানা জামায়াতের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রার্থীর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং আগামী দিনে তার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
