
চট্টগ্রামের লোহাগাড়ায় বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান মা-মনি হাসপাতাল লিমিটেড তাদের অর্জিত মুনাফার একটি অংশ কর্মচারীদের মাঝে বিতরণ করেছে। প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে কর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের লভ্যাংশের এই অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন বলেন, হাসপাতালের অগ্রগতির পেছনে নার্স ও সব স্টাফের নিষ্ঠা এবং পরিশ্রম রয়েছে। তাদের এই অবদানকে সম্মান জানাতেই লভ্যাংশ বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নার্স ও স্টাফদের উদ্দেশে ডা. হেলাল উদ্দিন আরও বলেন, হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে আসা প্রতিটি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে মানবিক, ভদ্র ও সহানুভূতিশীল আচরণ করা নৈতিক দায়িত্ব। ভালো ব্যবহারই একজন রোগীর দ্রুত আরোগ্যের প্রথম ধাপ। রোগীরা যখন আসেন, তখন তারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল থাকেন। সে সময় সুন্দর আচরণ ও সহানুভূতির একটি কথা তাদের মনোবল বাড়াতে পারে। তাই তিনি সকল স্টাফকে রোগীদের সঙ্গে ধৈর্য ও সম্মানের সঙ্গে আচরণ করার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসপাতালের ডিরেক্টর (মার্কেটিং) ডা. মোহাম্মদ ইসমাঈল এবং ডিরেক্টর (ফাইন্যান্স) ডা. মো. আখতার আহমেদ।
লভ্যাংশ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাসপাতালের নার্স ইয়াছমিন আকতার বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের পরিশ্রমের মূল্যায়ন করেছে, এজন্য আমরা কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীলভাবে সেবা দেওয়ার অনুপ্রেরণা জোগাবে।
