
আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি মনে করেন, এই গণভোট একটি ‘প্রতারণার ফাঁদ’ এবং এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা শুরু হয়।
ফেসবুক পোস্টে নাজিমুর রহমান লিখেছেন, “গণভোট প্রতারণার ফাঁদ, জোর করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি না ভোটের পক্ষে। গণতন্ত্র আর দেশের স্বার্থে আপনিও না ভোট দিন।”
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নাজিমুর রহমান বিষয়টি স্বীকার করেন। নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “‘হ্যাঁ’ ভোট দিলে জনগণের ভোটে নির্বাচিত দলকে আরও ছয় মাস অপেক্ষায় থাকতে হবে। এর ফলে বর্তমান অন্তর্বর্তী সরকার ছয় মাস বাড়তি সময় পাবে। অথচ তারা মানুষের ওপর থেকে আস্থা হারিয়েছে।”
জনগণের ভোটে নির্বাচিত দল যাতে দ্রুত ক্ষমতা গ্রহণ করতে পারে, সেই বিবেচনায় তিনি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানান।
তবে ‘না’ ভোট দেওয়ার আহ্বান দলীয় কোনো সিদ্ধান্ত কি না—এমন প্রশ্নের জবাবে নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, “এটি আমার একান্তই ব্যক্তিগত মতামত।”
