ফটিকছড়িকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার জামায়াত আমিরের


বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ফটিকছড়িকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে বলে অঙ্গীকার করেছেন উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার লেলাং ইউনিয়নের লালপুল, দিঘিরপাড়, সন্ন্যাসীর হাট, আনন্দবাজার, আদর্শ বাজার ও চারালিয়া হাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

নাজিম উদ্দিন ইমু বলেন, “ফটিকছড়িতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাস সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে এসব অপশক্তিকে চিরতরে নির্মূল করা হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।”

বেকারত্বকে ফটিকছড়ির অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, এই সমস্যা নিরসনে শিক্ষিত তরুণ সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। উচ্চশিক্ষিত তরুণদের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, সহ-সেক্রেটারি রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আবু জাফর এবং লেলাং ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশ নিয়ে জামায়াত নেতাদের বক্তব্য শোনেন।