টের পেয়েই দৌড়, সাতকানিয়ায় অকেজো করা হলো স্কেভেটর


চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল বা মাটি কাটার অভিযোগে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর (খননযন্ত্র) অকেজো করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের মুহুরিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর এলাকায় কৃষিজমির মাটি কাটার খবর পেয়ে বিকেলের দিকে ওই এলাকায় হানা দেয় যৌথ বাহিনী। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটায় জড়িতরা স্কেভেটরটি ঘটনাস্থলে রেখেই পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে কৃষিজমির মাটি কাটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। পরে সেনাবাহিনীর সহায়তায় ফেলে যাওয়া ওই স্কেভেটরটির বিভিন্ন অংশ খুলে অকেজো করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান। তিনি বলেন, “কৃষিজমির মাটি কর্তন একটি দণ্ডনীয় অপরাধ। আমরা ঘটনাস্থলে মাটি কাটার প্রমাণ পেয়েছি। জড়িতদের শনাক্তে কাজ চলছে। কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”