
“আমাদের পরিষ্কার ঘোষণা, জনগণের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হলে আমরা নিজেরা দুর্নীতি করব না, অন্য কাউকে দুর্নীতি করতেও দেব না।”—নির্বাচনী গণসংযোগে এমন দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী বলেন, “জামায়াতে ইসলামী আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা ও জুলাইয়ের বিপ্লবীরাসহ দেশপ্রেমিকদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম।”
বৃহস্পতিবার সকালে তিনি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় এবং বিকেলে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্ধ্যা পর্যন্ত বিরামহীন গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিদিন পথসভা, গণসংযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তার সরব উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন সমর্থকরা।
এসব নির্বাচনী পথসভা ও প্রচারণায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, ছাত্রশিবিরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুল ইসলাম, পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. নুরুল কবির, পেকুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মনজু, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এবং হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ প্রমুখ।
