সন্তান স্কুলে যাচ্ছে কি না খবর নিন: অভিভাবকদের প্রতি বোর্ড সচিবের আহ্বান


মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদ। তিনি বলেছেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি প্রজন্মকে সুশৃঙ্খল, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগরীর হালিশহর হাউজিং সেটেলমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে বোর্ড সচিব বলেন, “মাদক ও মোবাইল গেমসসহ বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়ার টেবিলের পাশাপাশি তোমাদের মাঠমুখী হতে হবে।”

অভিভাবক ও শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে দিলেই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তারা ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না, সে বিষয়েও নিশ্চিত হতে হবে। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। স্কুল ডায়েরিতে দৈনন্দিন পড়া লিখে দিয়েই শিক্ষকদের দায় সারলে চলবে না, পড়া আদায়ের পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সমন্বয় করতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গাইড বইয়ের ওপর নির্ভরতা কমিয়ে পাঠ্যপুস্তক পড়ার জন্য উৎসাহিত করতে হবে। তাহলে অকৃতকার্য হওয়ার প্রবণতা অনেক কমবে।

স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে বিশেষ অতিথি ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আরিফিন।

পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। এ সময় শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী উৎসবমুখর এই আয়োজনে স্কুলের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।