
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দুর্গম পাহাড়ি জনপদ সাজেকে ড্রোনের মাধ্যমে নজরদারিসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) থেকে মাঠে নামছে বিজিবির ৫টি প্লাটুন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) জোন সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।
সংবাদ সম্মেলনে জোন অধিনায়ক জানান, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাঘাইহাট ব্যাটালিয়নের আওতাধীন সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের ১২টি ভোটকেন্দ্রে নিরাপদ পরিবেশ বজায় রাখাই বিজিবির মূল লক্ষ্য।
তিনি জানান, সাজেক ইউনিয়নের অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ ৩টি ভোটকেন্দ্র—বেতলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুইচুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৪ বিজিবি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে (সেনাবাহিনী ব্যতীত) নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া বাকি ৯টি কেন্দ্রে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি।
লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, “বিজিবির সদস্যরা আগামীকাল (৩১ জানুয়ারি) বেইজ ক্যাম্পে গমন করবেন। নির্বাচনী এলাকায় নজরদারির জন্য ড্রোনের ব্যবহার এবং রায়ট কন্ট্রোলে দক্ষ জনবল প্রস্তুত করা হয়েছে। এছাড়া জানমালের ক্ষতি কমাতে নন-লেথাল বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ওপর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
ভোটের নিরাপত্তার পাশাপাশি বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো সশস্ত্র গোষ্ঠী বা অপরাধী চক্র যাতে সীমান্ত পেরিয়ে এসে নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
