
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি পাইওনিয়ার ফুটবল লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ‘চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার’। এ উপলক্ষে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে দলটির আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে।
অনুশীলন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মসিউল আলম স্বপন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করা জরুরি। চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার সেই লক্ষ্যেই প্রথমবারের মতো এই লিগে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক লায়ন তাহের আহমেদ, নাহিদ মুরাদ মুন্না, ফেরদৌস আহমেদ, নজরুল কবির দীপু, মোশাররফ হোসেন লিটন, কোষাধ্যক্ষ অঞ্জন চক্রবর্তী, পরিচালক শহীদুল্লাহ শাহরিয়ার, জামাল উদ্দিন ও আনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, সাবেক ফিফা রেফারি ও বাফুফের রেফারিজ কমিটির সদস্য আবদুল হান্নান মিরন।
তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দামপাড়া পুলিশ লাইন মাঠে লিগের প্রথম খেলায় মাঠে নামবে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার। খেলাটি শুরু হবে দুপুর ১টা ১৫ মিনিটে।
