পাহাড়ি জনপদে ১০ কিলোমিটার দৌড়, উৎসবে মাতল দীঘিনালা


‘সুস্থতার জন্য দৌড়াও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘যুব ম্যারাথন-২৪’। ১০ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতায় ৪০ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন মাইকেল ত্রিপুরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। এতে খাগড়াছড়ি জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ১৯০ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগীরা দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের জামতলী, হাচিনসনপুর, কবাখালি ও শান্তিপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে দৌড় শেষ করেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪০ মিনিটে ফিনিশিং লাইন স্পর্শ করে চ্যাম্পিয়ন হন মাইকেল ত্রিপুরা। মাত্র এক মিনিটের ব্যবধানে ৪১ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন হানজালা সানি।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানজিল পারভেজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবী টাইগার্স’-এর দীঘিনালা জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আল-আমিন।

প্রধান অতিথির বক্তব্যে লেফট্যানেন্ট কর্নেল আল-আমিন বলেন, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা ও নিয়মিত দৌড়চর্চার বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সভাপতির বক্তব্যে ইউএনও মো. তানজিল পারভেজ বলেন, তরুণদের মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এই ম্যারাথন কার্যকর ভূমিকা রাখবে।

এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনের পর প্রধান অতিথিসহ অন্য অতিথিরাও প্রতীকীভাবে ম্যারাথনে অংশ নেন, যা আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর তোকির আহমেদ এবং দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন। সেরা ১০ বিজয়ীকে পুরস্কৃত করার পাশাপাশি ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক ও দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. দুলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক ও দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবন এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম ছাড়াও আয়োজক কমিটির আরও অনেকের মাঝে সম্মাননা স্মারক ও মেডেল প্রদান করা হয়।

ম্যারাথনের আহ্বায়ক মো. দুলাল হোসেন জানান, এই আয়োজনকে কেন্দ্র করে দীঘিনালায় যুবসমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফল আয়োজন শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।