
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, “ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে বাংলাদেশে আর সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কোনো বিভাজন থাকবে না। আমরা সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।”
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
নিজের অতীতের উন্নয়ন কর্মকাণ্ড ও স্বচ্ছতার কথা তুলে ধরে শাহজাহান চৌধুরী বলেন, “আমি ১৯৯১ ও ২০০১ সালে সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি নির্বাচিত হয়ে এলাকাবাসীকে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি। এমপি থাকাকালে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত উন্নয়নের অর্থ কী কাজে কত ব্যয় করেছি, তার সব হিসাব ‘প্রয়াস’ নামের পত্রিকায় প্রকাশ করে বিস্তারিত জানিয়েছিলাম। সর্বদা মানুষের কল্যাণে কাজ করেছি। আগামীতে আপনাদের ভোটে আবারও এমপি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে নিজেকে উজাড় করে দেব।”
তিনি আরও বলেন, “২০০১ সালে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন বলেই আমি সাতকানিয়াকে পৌরসভায় রূপান্তর করতে পেরেছিলাম। আগামীতে সুযোগ পেলে আরও বেশি উন্নয়ন সাধিত করব।” এ সময় তিনি সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানান।
শুক্রবার সকাল থেকে শাহজাহান চৌধুরী সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়া, সৈয়দ আসকর খন্দকার পাড়া, গোলাম ফকির পাড়া, পশ্চিম ও পূর্ব সিকদার পাড়া, পরশমণি হাসপাতাল এলাকা, কালাচাঁদ পাড়া, দেব পাড়া, কামারার ভাঙা, বণিক পাড়া, ঘাটিয়াপাড়া ও ডলু ব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গণসংযোগ করেন। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া, আশেকের পাড়া, উজির নাজির পাড়া ও গোয়াজর পাড়া; ২ নম্বর ওয়ার্ডের ছগিরা পাড়া, মাইজপাড়া, ধোপি পাড়া, সুগন্ধা ক্লাব এলাকা, ছড়ারকুল সৈয়দ হাদি স্কুল সংলগ্ন এলাকা ও সামিয়ার পাড়া এবং ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সতি পাড়া ও ছমদার পাড়ায় দিনভর বিরামহীন প্রচারণা চালান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন এবং সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
