
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আমি ক্ষমতার জন্য নয়, বরং এই এলাকার সাধারণ মানুষের খেদমত করতেই মাঠে নেমেছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে গত ১৭ বছরের সব অপ্রাপ্তি আর উন্নয়ন বঞ্চনার দুঃখ ঘুচিয়ে দিতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। আমি হাটহাজারীকে সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
শুক্রবার (৩০ জানুয়ারি) হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগকালে বিভিন্ন পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার সকালের দিকে ধলই ইউনিয়নের এনায়েতপুরস্থ ৮ নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন মীর হেলাল। এরপর মুরাদঘাটায় উঠান বৈঠক এবং স্থানীয় সেকান্দর পাড়ায় পথসভায় বক্তব্য রাখেন। জুমার নামাজ আদায় শেষে তিনি ধলই হযরত শাহজাহান শাহ মাজার জিয়ারত করেন এবং ঐতিহ্যবাহী সরকারহাট বাজারে গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য দেন।
বিকেলের দিকে স্থানীয় চৌধুরী বাড়ি ও আশরাফ জামান চৌধুরী বাড়িতে গণসংযোগ শেষে তিনি হযরত গুনুশাহ দরবার শরীফ জিয়ারত করেন। এরপর ধলই জনতা বাজার ও শান্তির হাটসহ বিভিন্ন এলাকায় মোট ৯টি পৃথক উঠান বৈঠক, মহিলা সমাবেশ ও পথসভায় অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচিতে মীর হেলাল ধলই ইউনিয়নের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। এছাড়া স্থানীয় বাজারগুলোতে সাধারণ ব্যবসায়ী, শ্রমজীবী ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। একই সময়ে তিনি ধলই ইউনিয়নে কয়েকটি নির্বাচনী কার্যালয়েরও উদ্বোধন করেন।
গণসংযোগ ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম চৌধুরী তকি, ধলই ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জিএম আজম মাস্টার, সাধারণ সম্পাদক নাসিম মেম্বার, সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক রবি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন মানিক, যুবদল আহ্বায়ক জাহিদুল আলম বাপ্পী ও সদস্য সচিব রোকন হোসেন রোকনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
