
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। তবে এবার বিএনপির প্রচারণায় যোগ হয়েছে ভিন্নমাত্রা। ধানের শীষের প্রার্থী এনামুল হক এনামের পক্ষে প্রচারণায় নেমেছেন তার বড় ছেলে আকিবুল হক। সদ্য অস্ট্রেলিয়া থেকে স্নাতকোত্তর শেষ করে দেশে ফেরা আকিবুল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বাবার জন্য ভোট চেয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন।
শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে বিএনপির উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কের পাশে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আকিবুল হক। তিনি বাবার জন্য দোয়া চান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। ভোটাররা বিভিন্ন দাবি-দাওয়ার কথা জানালে আকিবুল হক আশ্বাস দেন যে, তার বাবা নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি পূরণ করা হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও খরনা ইউপির সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নির্বাচনী ইউনিয়নের সমন্বয়কারী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদুল শফি হিরু। তিনি বলেন, এনামুল হক এনাম দীর্ঘ সতেরো বছর নির্যাতিত ছিলেন, কারাবরণ করেছেন এবং দলের দুঃসময়ে হাল ধরেছেন। পটিয়ার মানুষ এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।
সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. ইউনুছ, বিএনপি নেতা রেজাউল হক রিজু, মো. ইলিয়াছ মিয়া, শফিউল কবির শপু, মো. নাজিম, আবদুল শুক্কুর, জিয়াউর রহমান, মো. ফারুক, মো. নাছির, মো. জসিম, তালেব মেম্বার, মো. শোয়েব, বাবু সাগর ও কাঞ্চন দে প্রমুখ।
অসাম্প্রদায়িক পটিয়া গড়ার ঘোষণা এনামুল হকের
অন্যদিকে শুক্রবার সারাদিন উপজেলার ছনহরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও একাধিক পথসভা করেছেন বিএনপির মূল প্রার্থী এনামুল হক এনাম। তিনি উত্তর ছনহরা ১ নম্বর ওয়ার্ড, দক্ষিণ ছনহরা ২ ও ৩ নম্বর ওয়ার্ড, আলমদারপাড়া ৫ নম্বর ওয়ার্ড, গুয়াতলী ৬ নম্বর ওয়ার্ড, চাটারা, ধাউরডেঙ্গা এবং বড়িয়া স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি ধানের শীষের বেশ কয়েকটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
দক্ষিণ বড়িয়া শ্রীশ্রী দুর্গা ও কালী মন্দিরের উদ্যোগে আয়োজিত চতুর্থ সার্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায়ও তিনি বক্তব্য দেন। এনামুল হক এনাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দল। আমরা সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে মাদক, সন্ত্রাস, ইয়াবা ও কিশোর গ্যাংমুক্ত পটিয়া গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
গণসংযোগ ও পথসভায় এনামুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব শফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব ওহিদুল আলম পিপলু, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পেয়ারু, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু নোমান চৌধুরী লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন ও রেজাউল করিম মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
