
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভকারী কর্মচারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বন্দর ভবনে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে সব বিভাগীয় প্রধানদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, ২৯ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে অফিস চলাকালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কতিপয় কর্মচারী বন্দর ভবন এলাকায় মিছিলে অংশগ্রহণ করেন, যা দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী। বন্দরে কর্মরত থেকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করা বন্দর কর্মচারী প্রবিধানমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া আন্দোলনরত কর্মচারীরা আদালতের রায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন এবং এর বিরোধিতা করেছেন বলে আদেশে উল্লেখ করা হয়। বিক্ষোভের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং গণমাধ্যমে বক্তব্য দেওয়াকেও সরকারি শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ।
এসব কর্মকাণ্ডে জড়িত কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯, সরকারি চাকরি আইন–২০১৮, বন্দর কর্মচারী চাকরি বিধিমালা–১৯৯১ এবং অন্যান্য প্রযোজ্য বিধি অনুসারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিএনপিপন্থী শ্রমিক-কর্মচারীরা এনসিটি ইজারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে বন্দর ভবনের ভেতরে প্রবেশ করেন এবং চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নেন। একই দিন এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।
এদিকে কর্তৃপক্ষের এমন নির্দেশনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী মো. হুমায়ুন কবির। তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছি। আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং রায় নিয়ে কেউ কোনো বিরূপ মন্তব্য করেনি। এর কোনো প্রমাণও নেই। এখন বন্দর কর্তৃপক্ষ বা সরকার যদি নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দেয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে বন্দর অচল করে দেওয়ার মতো কর্মসূচি দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০০৭ সালে নির্মিত এনসিটি টার্মিনালটি নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ প্রায় ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে। বর্তমানে এটি পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। তবে সরকার নির্বাচনের আগেই সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর মেয়াদে কনসেশন চুক্তির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। আগামী সপ্তাহেই এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
