জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: তারেক রহমান


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সংস্কার নিয়ে বিএনপি কখনও কোনো লুকোছাপা করেনি। গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুর পর শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরের নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো তিনি স্পষ্টভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার এই আহ্বান জানালেন।

শুক্রবার রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে প্রায় আড়াই বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের ওপর চেপে বসেছিল, সেই সময় বিএনপি দেশের মানুষের সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। সংস্কার নিয়ে বিএনপি কোনো লুকোছাপা করেনি। পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন গঠন করে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানালে আমরাও সেখানে গিয়েছি এবং আমাদের সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা যা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেটাই কম-বেশি তারাও দিয়েছে। কোনো কোনোটির ব্যাপারে দ্বিমত থাকতে পারে, কিন্তু আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি কোনটিতে আমাদের সম্মতি বা অসম্মতি আছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছেন, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবন উৎসর্গ করেছেন। এরকম হাজারো মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তাদের এই আত্মত্যাগ ও জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে, একই সঙ্গে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দেওয়া হবে ‘হ্যাঁ’ এবং ‘না’ সম্বলিত, সেখানে দয়া করে আপনারা ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেবেন।

এর আগে জনসভার শুরুতে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তারেক রহমান সড়কযোগে বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জের বামনপুর গ্রামে পৌঁছান। সেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তিনি আবু সাঈদের বাড়িতে গিয়ে তার বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, বড় ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তিনি রংপুরের জনসভার উদ্দেশে রওনা হন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামুর সভাপতিত্বে জনসভায় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভা শেষে তারেক রহমান রংপুর বিভাগের বিভিন্ন আসনে বিএনপি ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।