
ভাইয়ের মোটরসাইকেলের পেছনে চড়ে পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাচ্ছিলেন ১৯ বছরের তরুণী তাহমিনা আক্তার। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পেছন থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন সড়কে। মুহূর্তেই বাসের চাকা কেড়ে নেয় তার প্রাণ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট বাজারের একটু দক্ষিণে পিএবি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাধনপুর এলাকার আবজল আহমদের তৃতীয় কন্যা।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এজাজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে তাহমিনা তার ভাইয়ের মোটরসাইকেলে করে দক্ষিণ সাধনপুরের পুরোনো বাড়ি থেকে লটমনি গ্রামের নতুন বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহেবের হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে চট্টগ্রামগামী এস আলম সার্ভিসের একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাহমিনা ছিটকে সড়কে পড়ে যান এবং বাসের চাকার নিচে পিষ্ট হন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার জন্য দায়ী এস আলম পরিবহনের বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
