‘ভবিষ্যতে ভোটাধিকারের জন্য আর রক্ত দিতে হবে না’—চকরিয়ায় সালাহউদ্দিন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিতে না হয়, প্রাণ দিতে না হয়, সেজন্য দেশবাসীকে এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজীরপাড়া স্টেশনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা ধানের শীষে ভোট দিয়ে এবার বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার সুযোগ দেবেন। যার বদৌলতে আর কোনো দিন জনগণের ভোটাধিকার কেউ হরণ করতে পারবে না। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার কেউ হরণ করতে পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ও উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিলে বিএনপি দেশে শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে।

এর আগে শনিবার সকালে সালাহউদ্দিন আহমদ চকরিয়া সরকারি হাইস্কুল এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, আমাইন্নারচর হালকাকারাসহ বেশ কয়েকটি ওয়ার্ডে বিরামহীন গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উৎসুক নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল।

চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি শামীম ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজেম উদ্দিনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়জী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, এ এম আলী আকবর, নুরুল হক রিটু ও সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান প্রমুখ।