ফুসফুসের ক্যান্সার ছড়িয়েছিল মস্তিষ্কেও, কারা হেফাজতে প্রাণ গেল বৃদ্ধ নেতার


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আব্দুর রহমান (৭০) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত আব্দুর রহমান নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার সিপাহী বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ২৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। কোতোয়ালী থানার বিস্ফোরক উপাদানাবলী আইনের একটি মামলায় (মামলা নং-৪৯(০৯)২৪) গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছরের ১৭ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে যান আব্দুর রহমান। কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ২৬ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করান। প্রায় এক মাস চিকিৎসা শেষে গত ১৮ জানুয়ারি তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়।

হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী, তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন যা তার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছিল (Carcinoma lung with brain metastasis)। এছাড়া তিনি উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

সর্বশেষ চিকিৎসকদের পরামর্শে গত ২৬ জানুয়ারি তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।