পুলিশের গুলিতে পা হারানো সাইফুলের অনুসারীরা মাঠে, ধানের শীষের প্রচারণায় ঢল



আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুলিতে পা হারানো চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের অনুসারীরা এবার ধানের শীষের প্রচারণায় রাজপথে নেমেছেন। চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের বিজয়ের লক্ষ্যে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে এক বিশাল শো-ডাউন ও গণসংযোগ করেছেন তারা।

পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‘জুলাই যোদ্ধা’ মো. শাহীনের নেতৃত্বে নগরীর বায়জিদ থানার পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মীর একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি নগরীর রুবি গেট, টেক্সটাইল, বায়জিদ ও মেয়র গলি হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেট এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মিছিল পরবর্তী গণসংযোগে ওই এলাকার ব্যবসায়ী, পথচারী ও দিনমজুরসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দেওয়া হয়।

সমাবেশে পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সব ভেদাভেদ ভুলে আমরা চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান ভাইকে জয়যুক্ত করে আনব। তার বিজয়ের জন্য আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল একসাথে রাতদিন পরিশ্রম করে ঘরে ঘরে গিয়ে কাজ করছি। চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রদল নেতা ও ফ্যাসিবাদী আমলে পুলিশের গুলিতে পা হারানো নির্যাতিত নেতা সাইফুল ইসলাম সাইফের নির্দেশেই আজ হাজারো নেতাকর্মী ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমেছে। তারা বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে।

বিএনপি নেতা আলতাফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা মো. মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহিদুল ইসলাম মাহিদ এবং ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হামজা।

এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা মো. আকবর, পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক জমির ইমন ও টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মো. শাহাবুদ্দিন প্রমুখ।