সাতকানিয়ায় নৌকাডুবি: অল্পের জন্য রক্ষা পেলেন ১৫ জামায়াত নেতাকর্মী


চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী গণসংযোগে অংশ নিতে যাওয়ার পথে সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকর্মী দুর্ঘটনার শিকার হন। তবে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তাদের মধ্যে ১২ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার পশ্চিম আমিলাইশ এলাকায় সাঙ্গু নদীতে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি তিনজন হলেন—শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমিলাইশ ইউনিয়ন শাখার সভাপতি আবদুর রহমান এবং ইউনিয়ন শাখা জামায়াতের কর্মী আবদুল মোমেন ও নুরুল মনির।

আমিলাইশ ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীর গণসংযোগ কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে ১৫ জন নেতাকর্মী একটি নৌকায় করে সাঙ্গু নদী পার হয়ে তীরবর্তী জেলেপাড়ায় যাচ্ছিলেন। নৌকাটিতে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী থাকায় মাঝনদীতে সেটি ডুবে যায়।

মোজাম্মেল হক আরও বলেন, আমাদের বেশির ভাগ নেতাকর্মী সাঁতার জানতেন বলে তারা নিরাপদে তীরে উঠতে পেরেছেন। তবে আবদুর রহমান, আবদুল মোমেন ও নুরুল মনির সাঁতার জানতেন না। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনে আমরা খোঁজখবর নিচ্ছি।