
রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, গতানুগতিক শিক্ষার বাইরে আমাদের সকলকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। দ্বীন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কারণ ইসলামী শিক্ষা অর্জনের ফলেই মানুষ দুনিয়া ও আখেরাত সম্পর্কে সচেতন হতে পারে।
গত শনিবার রাতে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের ইন্দ্রপুলস্থ মাদ্রাসা মাঠে আয়োজিত পটিয়া বাইতুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, শাহ আখতারিয়া হেফজখানা ও শাহ কুতুব উদ্দিন এতিমখানার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং মাদ্রাসার উপাধ্যক্ষ সারওয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দীন, ব্যারিস্টার মোহাম্মদ ওছমান, বাবুল চন্দ্র নাথ, মোহাম্মদ নুরুল কবির ও মোসলেম উদ্দীন।
সভায় বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা মানুষের নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সভায় আরও বক্তব্য রাখেন শেখ আহমদ সওদাগর, মফিজুর রহমান সওদাগর, আবু তালেব আইয়ুব, সেলিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, আনোয়ার রহমান ও নুরুল আলম নুরু। এছাড়া মাদ্রাসার সার্বিক অগ্রগতি ও শিক্ষার্থীদের মানোন্নয়ন নিয়ে কথা বলেন মাদ্রাসার অধ্যক্ষ এস এম ইউনুছ এবং হোস্টেল সুপার হাফেজ আনিসুল আজিজ।
