
চট্টগ্রামের ফটিকছড়িতে ভাড়ায় চালিত এক মোটরবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুর্গম কাঞ্চননগর ইউনিয়নের রক্তছড়ি চা-বাগানের মাইচ্যের ছোলা এলাকায় রাস্তার ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চালকের নাম মো. মুজিবুর রহমান (৩০)। তিনি ওই ইউনিয়নের হাঁছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের ছেলে। মুজিবুর পেশায় একজন ভাড়ায় চালিত বাইক চালক ছিলেন। তবে ঘটনাস্থলে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার ধারের ঝোপের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধি পুলিশকে খবর দেন। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাইকটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে মারধর করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে।
স্থানীয় অপর এক মোটরবাইক চালক মো. নেজাম উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে সাতটার দিকে কাঞ্চননগর তেমুহনী বাজারের ইসমাইলের গ্যারেজ থেকে নিজের অনটেস্ট মোটরবাইকটি মেরামত করে নিয়ে গিয়েছিলেন মুজিবুর। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে কারো পূর্ব শত্রুতা ছিল কি না, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, “মোটরবাইক চালকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের মাথায় রক্তক্ষরণ ও আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
