
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে পুনরায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। একটি পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করেন।
কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফজলুল করিম সাঈদীর আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম ফারুক খান কাইছার। তিনি বলেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী একটি পুরোনো জিআর মামলায় আদালত কর্তৃক জামিনে ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি ওই মামলার পরবর্তী দুটি ধার্য তারিখে আদালতে উপস্থিত হতে পারেননি। এ অবস্থায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আইনজীবী আরও জানান, রবিবার তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং পুনরায় জামিনের আবেদন করেন। কিন্তু বিজ্ঞ আদালত জামিন শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ২০২৪ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যার দিকে প্রাইভেট কার যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় র্যাবের হাতে প্রথমবার গ্রেপ্তার হন ফজলুল করিম সাঈদী। পরে তাকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছিল।
আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী ২০১৯ সালে প্রথমবারের মতো এবং ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
