চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’-এর জন স্নোর আদলে পোস্টার নিয়ে তোলপাড়


জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর বিশ্বখ্যাত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ এবার দেখা গেল চট্টগ্রামের রাজপথে। তবে কোনো সিনেমার প্রচারণায় নয়, এই স্লোগান ব্যবহার করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনী ব্যানারে। ব্যানারে সিরিজের মূল চরিত্র জন স্নোর অবয়বে উপস্থাপন করা হয়েছে জামায়াত আমিরকে, যেখানে তার হাতে তলোয়ারের আদলে শোভা পাচ্ছে দলের প্রতীক দাঁড়িপাল্লা।

সোমবার (২ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের চট্টগ্রাম ও কক্সবাজার সফরকে কেন্দ্র করে নগরীর হালিশহর, বড়পোল ও চকবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এসব ব্যানার সাঁটানো হয়েছে। বিষয়টি নজরে আসার পর অনলাইন ও অফলাইনে চলছে তুমুল আলোচনা-সমালোচনা, যদিও জামায়াত নেতারা এর দায় নিচ্ছেন না।

সরেজমিনে দেখা যায়, ব্যানারের পুরো পটভূমিতে রয়েছে তুষারপাত ও নেকড়ের ছবি, যা ‘গেম অব থ্রোনস’ সিরিজের আবহ তৈরি করে। মূল চরিত্র জন স্নোর শরীরের জায়গায় বসানো হয়েছে ডা. শফিকুর রহমানের ছবি। তার হাতে থাকা তলোয়ারটি এডিট করে দাঁড়িপাল্লার রূপ দেওয়া হয়েছে। উপরে বড় করে লেখা ‘উইন্টার ইজ কামিং’—যার মূল অর্থ ‘শীত আসছে’ বা কঠিন সময়ের সতর্কবার্তা। ব্যানারের নিচে সৌজন্যে লেখা রয়েছে—‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’।

সিরিজটিতে ‘উইন্টার ইজ কামিং’ মূলত স্টার্ক পরিবারের মূলমন্ত্র, যা দিয়ে আসন্ন বিপদ বা বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হতো। রাজনীতির মাঠে এই স্লোগান দিয়ে হয়তো বড় কোনো পরিবর্তনের বার্তা দিতে চেয়েছেন অতিউৎসাহী ভক্তরা।

জামায়াত আমিরের সফরের দিনে এমন পোস্টার ও ব্যানারে দৃশ্যত বিব্রত দলের স্থানীয় নেতারা। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ বলেন, “এমন কিছু শুনিনি। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। আমাদের দলীয় ব্যানারগুলো সংগঠনের নাম দিয়েই টাঙানো হয়েছে।”

চকবাজার থানা জামায়াতের আমির আহমেদ খালেদুল আনোয়ার বলেন, “আমিরে জামায়াতের কিছু সমর্থক হয়তো আগ্রহ বা উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এমনটি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ফ্যান পেজে ছবিগুলো ভাইরাল হয়েছিল। সেখান থেকেই কেউ এগুলো ব্যানার আকারে ছাপিয়ে লাগিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।”

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। তবে সাংগঠনিক সিদ্ধান্তে এরকম ব্যানার লাগানো হয়নি।”

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’ লিখে সার্চ দিয়ে দেখা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) খোলা একটি পেজ ও গ্রুপ থেকে এসব ছবি ছড়ানো হয়েছে। সেখানে চকবাজার মোড়ে গুলজার টাওয়ারের সামনে থাকা ব্যানারটির ছবিও পোস্ট করা হয়েছে। নেটিজেনদের কেউ কেউ বিষয়টিকে কৌতুক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ধর্মীয় রাজনীতির সঙ্গে পশ্চিমা পপ কালচারের এমন মিশ্রণের সমালোচনা করছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে পাঁচটি জনসভায় বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান। কক্সবাজারের মহেশখালী ও সদরের কর্মসূচি শেষে বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া, সীতাকুণ্ড এবং সবশেষ নগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জনসভা করার কথা রয়েছে। তার এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করেই নগরজুড়ে ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন নেতাকর্মীরা, যার মধ্যে এই বিশেষ ব্যানারটি সবার নজর কেড়েছে।