
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “নারীদের যারা অবমাননা করে এবং বাংলাদেশে নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না।”
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজের নির্বাচনী এলাকা পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত ‘মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, যা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। যারা নারীদের নিয়ে এই কুরুচিপূর্ণ মন্তব্য করে, তারা মূলত নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চায় এবং কর্মস্থলে যেতে দিতে চায় না।”
তিনি অভিযোগ করে বলেন, “তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছে, যাতে নারীদের কর্মসংস্থান না হয়। অথচ এ দেশে সাম্য, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। কিন্তু একটি দল আজ তার বিপরীতে দাঁড়িয়েছে।”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আমরা জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছি। অথচ ওই দল জাতীয় সংসদে নির্বাচনের জন্য কোনো নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডেই বোঝা যায়, তারা এ দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। এগুলো হলো মধ্যযুগীয় ভাবনা।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী, পৃথিবীর প্রায় দেশেও তাই। এই অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে বা অন্ধকারে ফেলে রেখে কোনো দেশ বা পৃথিবী কখনো এগিয়ে যেতে পারে না।” তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ নারী শিক্ষার হার অনেক বেড়েছে। বিএনপি আবার ক্ষমতায় এলে নারী সমাজকে ক্ষমতায়ন করবে এবং তাদের অর্থনৈতিক সচ্ছলতা ও মর্যাদা নিশ্চিত করবে।”
অনুষ্ঠানে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী ও উপজেলা ছাত্রদলের অন্য নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সালাহউদ্দিন আহমদ বৃত্তিপ্রাপ্ত ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
