
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশের উদ্যোগে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ডকিং স্টেশন, যার মাধ্যমে অনলাইন ও অফলাইন ক্যামেরা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া থানায় স্থাপিত এই ডকিং স্টেশনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন চকরিয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মারুফুল ইসলাম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
পরিদর্শনকালে তারা প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র এবং এর আশপাশের এলাকাকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে এবং সার্বক্ষণিক নিয়ন্ত্রণে রাখতে সরকারি নির্দেশনার আলোকে এই ডকিং স্টেশন স্থাপন করা হয়েছে।
ওসি আরও জানান, এর মাধ্যমে পুলিশ সদস্যরা শরীরে বহনযোগ্য ক্যামেরা (বডি ওর্ন ক্যামেরা) বা নির্দিষ্ট স্থানে স্থাপিত ক্যামেরার ফুটেজ সংরক্ষণ ও বিশ্লেষণ করতে পারবেন, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম ছিদ্দিকী এবং উপপরিদর্শক (এসআই) সোহরাব সাকিবসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
