দলীয় রাজনীতি ছেড়ে জনগণের প্রার্থী হয়েছি, ভেদাভেদ ভুলে কাজ করব: সমীরণ দেওয়ান


খাগড়াছড়ির দীঘিনালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ নম্বর আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ‘ফুটবল’ প্রতীকে ব্যাপক প্রচার ও গণসংযোগ চালিয়েছেন। এ সময় তিনি নির্বাচিত হলে পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে জেলার সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালার বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কয়ার এলাকা থেকে দিনব্যাপী এই প্রচার কার্যক্রম শুরু করেন তিনি। এরপর তিনি বাবুছড়া ইউনিয়নের প্রধান সড়ক হয়ে জারুলছড়ি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

পরবর্তীতে মেরুং ইউনিয়নের দাঙ্গাবাজার, মেরুং বাজার, হেডকোয়ার্টার এলাকা, বেতছড়ি ও মধ্য বেতছড়ি এলাকায় ধারাবাহিক প্রচার-প্রচারণা ও গণসংযোগে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির শেষাংশে তিনি পুনরায় লারমা স্কয়ার ও জামতলী এলাকায় পথসভা ও গণসংযোগের মাধ্যমে প্রচার কার্যক্রম শেষ করেন।

বিভিন্ন পথসভায় সমীরণ দেওয়ান বলেন, দলীয় রাজনীতি থেকে বেরিয়ে তিনি এখন একজন উন্মুক্ত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের সামনে হাজির হয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় ত্যাগ করে জনগণের সরাসরি সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে তিনি অভূতপূর্ব ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও উল্লেখ করেন।

তিনি ভোটারদের আশ্বাস দিয়ে বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে পাহাড়ি ও বাঙালির মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমি সবার উন্নয়নে সমানভাবে কাজ করব। এছাড়া পাহাড়ে আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব-সংঘাত চলমান, তা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

দিনব্যাপী এই প্রচারণা ও গণসংযোগে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।