
আইনি জটিলতা কাটিয়ে অবশেষে নির্বাচনের মাঠে ফিরলেন চট্টগ্রামের দুই বিএনপি নেতা। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সারোয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীর ধানের শীষ প্রতীকে ভোট করতে আর কোনো বাধা নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে এই দুই আসনে বিএনপির নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই আসনে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন এই অভিযোগটি দায়ের করেছিলেন। কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সারোয়ার আলমগীর উচ্চ আদালতে রিট করেন এবং আইনি লড়াই শেষে আজ তিনি প্রার্থিতা ফিরে পেলেন।
অন্যদিকে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির আলোচিত নেতা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছিল। তবে কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যমুনা ব্যাংক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে। গত ১ ফেব্রুয়ারি ব্যাংকের করা ওই আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার আপিল বিভাগ ব্যাংকের আবেদন খারিজ করে আসলাম চৌধুরীর পক্ষে রায় দেন। ফলে সীতাকুণ্ড আসনে ধানের শীষ প্রতীকে তার নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।
আপিল বিভাগের এই আদেশের মাধ্যমে চট্টগ্রামের রাজনীতিতে, বিশেষ করে ফটিকছড়ি ও সীতাকুণ্ড আসনে নির্বাচনী সমীকরণ নতুন মোড় নিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
