হালদায় থামছে না ডলফিনের মৃত্যু, নতুন করে উদ্ধার ১টি


এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে আবারও একটি মৃত ডলফিন (গাঙ্গেয় শুশুক) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে হালদা নদীর ওই স্থানে একটি মৃত ডলফিন ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হালদা নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলমগীর মদুনাঘাট এলাকার দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা ডলফিনটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

খবর পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, উদ্ধার করা ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্থ ১ ফুট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং বয়স আনুমানিক ২ থেকে ৩ বছর হতে পারে।

মৃত্যুর কারণ সম্পর্কে মৎস্য কর্মকর্তা বলেন, “ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে এটি মারা গেছে। ইতিমধ্যে শরীর পচে যেতে শুরু করেছে। যদিও শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে জালে আটকা পড়ে শ্বাসরোধ হয়ে অথবা শক্ত কোনো বস্তুর সঙ্গে আঘাত লেগে এটির মৃত্যু হতে পারে।”

হালদা নদী থেকে একের পর এক মৃত ডলফিন উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মৎস্য কর্মকর্তা শওকত আলী জানান, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ চলাচল এবং অবৈধ জালের ব্যবহারের কারণে নদীতে ডলফিন বা শুশুকের মৃত্যুর হার বাড়ছে। এটি হালদার জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি।