দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা: সেলাই মেশিন ও টিন পেলেন দুস্থরা


খাগড়াছড়ির দীঘিনালায় আর্তমানবতার সেবায় আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার অসহায়, গরিব ও দুস্থ মানুষের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে নগদ অর্থ, সেলাই মেশিন, টিনসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা জোন সদরে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন।

অনুষ্ঠানে জোন অধিনায়কের সঙ্গে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ।

সহায়তা বিতরণকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন সুবিধাভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন এবং কিউএম শেখ সাব্বির আহমেদসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা।

সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এই সহায়তা দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন তারা। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এলাকাবাসী।