
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আগামীতে কোনো দিন হয়তো এমনও শুনতে হবে যে, জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল! বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় ধানের শীষের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, “একটি রাজনৈতিক দল—বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার ধৃষ্টতা দেখাচ্ছে। গতকাল তাদের দলের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি দাবি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, দিয়েছেন কর্নেল অলি সাহেব। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য।”
তিনি আরও বলেন, “যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস বিকৃত করবে—এটাই স্বাভাবিক। কিন্তু জনগণ সব জানে। আজ তারা নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি। তারা একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে, কার্যত ‘ভাড়া’ করে একটি সাইনবোর্ড দেখাতে চাইছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এই তামাশা মেনে নেবেন না।”
জামায়াত নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “গত কয়েক দিন আগে তারা এ দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। এক সাক্ষাৎকারে তারা কর্মজীবী নারীদের ‘পতিতা’র সঙ্গে তুলনা করেছে। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। বাস্তবে এই প্রস্তাব নারীদের কল্যাণ নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংস করে তাদের ঘরে বন্দি করার একটি নীল নকশা।”
তিনি দলীয় নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতাকে ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু এবং সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
