ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক চমক ও বিতর্ক। এবার চট্টগ্রামের পটিয়া আসনে ঘটল এক বিচিত্র ঘটনা। নিজ দলের আদর্শ ভুলে চরম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

গত সোমবার উপজেলার ধলঘাট ইউনিয়নে বিএনপির প্রার্থী এনামুল হক এনামের প্রচারণায় দেখা গেছে ওই ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও ব্যবসায়ী শফিউল আলম বাদশাকে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই চলছে তুমুল সমালোচনা।

শফিউল আলম বাদশা কেবল আওয়ামী লীগের পদধারী নেতাই নন, তিনি বিগত আওয়ামী লীগ আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেছিলেন। এছাড়া পটিয়ার সাবেক বিতর্কিত সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবেও এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান না করেই এভাবে প্রকাশ্যে ধানের শীষের প্রচারণায় অংশ নেওয়ায় হতবাক স্থানীয় ভোটাররা।

আওয়ামী লীগ নেতার এমন ভোল পাল্টানো কর্মকাণ্ডে খোদ বিএনপির তৃণমূল নেতাকর্মীরাই ক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলেন, দলের সুদিনে এখন সবাই বিএনপি সেজে বসে আছে। এটা দলের জন্য অশনিসংকেত। দুর্দিনের ত্যাগী কর্মীদের বাদ দিয়ে এমন সুবিধাবাধী বা ‘বসন্তের কোকিল’দের প্রাধান্য দিলে দলে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শফিউল আলম বাদশা বিষয়টি অস্বীকার করেননি। উল্টো সাফাই গেয়ে তিনি বলেন, “আমি একজন ব্যবসায়ী। ব্যবসার খাতিরে সবার সঙ্গে থাকতে হয়।” তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।