
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার পূর্ব বেতাগী ও মির্জাখীল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব বেতাগী অন্তরপাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে আবু বক্কর (৪৩) এবং একই ইউনিয়নের মির্জাখীল এলাকার আবদুল মান্নানের ছেলে মো. রুবেল (৩২)।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি খালি কার্টিজ ও কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আবু বক্কর ও মো. রুবেল এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। নির্বাচন সামনে রেখে তারা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
