একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর: চট্টগ্রাম ডিসি


চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি আমরা সমগ্র বিশ্বকে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উপহার দিতে বদ্ধপরিকর। এ জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে। আমাদের সবার যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়েই জাতিকে একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকায় আয়োজিত ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ রাজিব হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা সবাই একতাবদ্ধ হয়ে জাতিকে একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন উপহার দিতে চাই। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মঈনউদ্দীন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, পিএসসি জি অধিনায়ক ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, চট্টগ্রাম জেলা সহকারী এডজুটেন্ট ফরিদা পারভীন এবং চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ প্রমুখ।

কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বক্তারা বলেন, নির্বাচনের দিন কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা যাবে না। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।