চট্টগ্রাম বন্দরে তোপের মুখে উপদেষ্টা: ১৫ মিনিট অবরুদ্ধ, ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল


চট্টগ্রাম বন্দরে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অচলাবস্থা নিরসনে জরুরি বৈঠকে যোগ দিতে এসে চরম বিব্রতকর ও উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা উপদেষ্টার গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বন্দর ভবনের সামনে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিট অবরুদ্ধ থাকার পর কড়া পুলিশি পাহারায় তিনি বন্দর ভবনে প্রবেশ করতে সক্ষম হন।

জানা গেছে, নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন ঢাকা থেকে বিমানে সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে বন্দর চেয়ারম্যানের গাড়িবহরের সঙ্গে তিনি বন্দরের দিকে রওনা হন। উপদেষ্টার আসার খবরে সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা বন্দর ভবনের অদূরে ৪ নম্বর জেটিগেট ও কাস্টমস মোড় এলাকায় অবস্থান নিয়েছিলেন।

বেলা পৌনে ১১টার দিকে উপদেষ্টার গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছালে শত শত শ্রমিক-কর্মচারী রাস্তায় নেমে আসেন। তারা গাড়িবহর আটকে দিয়ে ‘ডিপি ওয়ার্ল্ডের দালালেরা—হুঁশিয়ার সাবধান’, ‘গো ব্যাক অ্যাডভাইজার গো ব্যাক’, ‘মা মাটি মোহনা—বিদেশিদের দেব না’—এমন নানা স্লোগান দিতে থাকেন। অনেকে গাড়ির সামনে গিয়ে ‘ভুয়া ভুয়া, দালাল দালাল’ বলে চিৎকার করতে থাকেন।

টানা ১৫ মিনিট আটকে থাকার পর পুলিশ ও বন্দরের নিজস্ব নিরাপত্তাকর্মীরা মানববর্ম তৈরি করে উপদেষ্টার গাড়িটি বন্দর ভবনের মূল ফটক দিয়ে ভেতরে নিয়ে যান। এ সময় নিরাপত্তাকর্মীরা ফটক বন্ধ করার চেষ্টা করলেও শতাধিক শ্রমিক স্লোগান দিতে দিতে ভবনের চত্বরে ঢুকে পড়েন। পরে পুলিশি পাহারায় দ্রুততার সঙ্গে উপদেষ্টা লিফটে করে বন্দর ভবনের ওপরের তলায় উঠে যান।

বর্তমানে বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে। এদিকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে আজ বৃহস্পতিবারও বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে এবং জেটিতে থাকা জাহাজগুলো পণ্য খালাসের অপেক্ষায় আটকে আছে।

উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব-আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ এবং আন্দোলন দমাতে হয়রানি বন্ধের দাবিতে গতকাল বুধবার সকাল থেকে এই কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা।