
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বিএমচর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম পুনরায় বিএনপির রাজনীতিতে ফিরেছেন। একসময় যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতা বুধবার আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রচারণায় যুক্ত হলেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) চকরিয়ার প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় তিনি বিএনপিতে যোগদান করেন। এ সময় তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া তুলে দেন।
যোগদান অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, “জাহাঙ্গীর অতীতে কি আওয়ামী লীগের রাজনীতি করেছে?” সমস্বরে জনতা উত্তর দেয়, “করেনি।”
জনতার এই উত্তরের পর সালাহউদ্দিন আহমদ বলেন, “জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের ভোটে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ থেকে তিনি আমাদের সঙ্গেই থাকবেন।” তিনি বিএমচর ইউনিয়নের জনগণকে জাহাঙ্গীর আলমের পাশে থাকার আহ্বান জানান।
বিএনপিতে ফিরে এস এম জাহাঙ্গীর আলম বলেন, “আমি সব সময় জনগণের সঙ্গেই ছিলাম। আজ আমার ঘরে ফিরলাম।” তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদকে বিজয়ী করতে এবং ধানের শীষের পক্ষে কাজ করার জন্য বিএমচর ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।
স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে বিএমচরের মতো গুরুত্বপূর্ণ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যানের এই যোগদান সালাহউদ্দিন আহমদের জন্য বড় ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর বিএনপিতে ফিরে আসায় সালাহউদ্দিন আহমদও জাহাঙ্গীর চেয়ারম্যানকে আন্তরিক সাধুবাদ জানান। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পথসভায় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, পূর্ব বড় ভেওলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অসংখ্য স্থানীয় নেতাকর্মী।
