
ভোটাধিকার আদায়ের সংগ্রামে জীবন দেওয়া ‘জুলাই শহীদদের’ প্রতি সম্মান জানাতে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, কাউকে জোর করে তাকে ভোট দিতে বলা হচ্ছে না। তবে যারা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদ হয়েছেন, অন্তত তাঁদের সম্মানে হলেও ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করা উচিত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের বনগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বিগত সরকারের সমালোচনা করে বলেন, গত ১৭ বছর ধরে এদেশের মানুষকে ন্যায়বিচার, বেঁচে থাকার অধিকার, নিজ ঘরে শান্তিতে ঘুমানোর অধিকার এবং ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও এই সংগ্রামের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
এলাকার উন্নয়ন ও বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ গত দুই দশকে উন্নয়নের যে প্রচারণা চালিয়েছে, তার বাস্তব প্রতিফলন রাঙ্গুনিয়ায় দেখা যায় না। গত দুই সপ্তাহ ধরে প্রচারণায় নেমে ভাঙা রাস্তা দিয়ে চলাচলের সময় সাধারণ মানুষের দুর্ভোগ আমার স্পষ্টভাবে চোখে পড়েছে। নির্বাচিত হলে আগামী পাঁচ বছর মানুষের পাশে থেকে তাঁদের পরামর্শ অনুযায়ী এলাকার সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন ধানের শীষের এই প্রার্থী।
চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম কন্ট্রাক্টরের সভাপতিত্বে এবং মাসুদ পারভেজ ও মো. এরফানের সঞ্চালনায় জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদলের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াছ সিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম মেম্বার এবং জেলা যুবদল নেতা বেলাল উদ্দিন বেলাল।
এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হুমাম কাদের চৌধুরী চন্দ্রঘোনা বনগ্রামের হাফেজপাড়ায় মরহুম নুরুল হকের কবর জিয়ারত করেন। পরে তিনি রাঙ্গুনিয়া ইকো পার্ক এলাকা পরিদর্শন করেন এবং চন্দ্রঘোনা জুমপাড়া চাকমা পল্লীতে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে গণসংযোগ ও এক আলোচনা সভায় অংশ নেন।
