দোহাজারীর বার্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা আটক, পাঠানো হলো ক্যাম্পে


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড়সড় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এই অভিযানে দোহাজারী পৌরসভার ‘বার্মা কলোনি’ থেকে নারী ও শিশুসহ ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দিবাগত গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই কলোনিতে এই অভিযান পরিচালিত হয়। দুপুরে চন্দনাইশ আর্মি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

সেনাবাহিনী জানায়, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চন্দনাইশ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান চালায়। গভীর রাতে বার্মা কলোনির দুটি অংশ চারদিক থেকে ঘিরে ফেলে প্রতিটি ঘরে তল্লাশি চালানো হয়। অভিযানে আটক ৩৪৫ জন রোহিঙ্গার মধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী ও ৮৩ জন শিশু রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, দোহাজারীর ওই বার্মা কলোনিটি দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যাতে সেখানে কোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেই লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়। চন্দনাইশ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তত্ত্বাবধায়নে আটক রোহিঙ্গাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক ইলিয়াস খান নিশ্চিত করেছেন যে, আটক সব রোহিঙ্গাকে চারটি বড় বাসে করে উখিয়া শরণার্থী ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এমন অভিযান এলাকার সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে স্থানীয়রা মনে করছেন।