
নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর অবশেষে চট্টগ্রাম বন্দরে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে আন্দোলনরত ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর ভবনে উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন পরিষদের অন্যতম সমন্বয়ক মো. হুমায়ুন কবীর। এর ফলে বিকেল ৫টার পর থেকে বন্দরে ফের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সমন্বয়ক মো. হুমায়ুন কবীর বলেন, পবিত্র রমজান মাস ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবার আমাদের কর্মসূচি স্থগিত করছি। এই সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয় আমাদের সকল বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন। তবে শনিবারের মধ্যে যদি সম্মানজনক সিদ্ধান্ত না আসে, তাহলে রবিবার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে।
সংগ্রাম পরিষদের অপর সমন্বয়ক ইব্রাহীম খোকন গণমাধ্যমকে জানান, উপদেষ্টা মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন। সেই পরিপ্রেক্ষিতে দুই দিন কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে কর্মসূচি স্থগিত কার্যকর হয়েছে এবং শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ডকে’ ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে প্রথমে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে এবং পরবর্তীতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এই আন্দোলন শুরু হয়। শনিবার থেকে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর মঙ্গলবার থেকে বন্দরে টানা কর্মবিরতি চলছিল, যার ফলে বন্দরে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার সকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরে প্রবেশকালে ৪ নম্বর গেটের বাইরে আন্দোলনরতদের তোপের মুখে পড়েন। পরবর্তীতে তিনি পরিস্থিতি সামাল দিয়ে সংগ্রাম পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকের আলোচনার বিষয়ে হুমায়ুন কবীর বলেন, সকল ধরনের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে আমাদের বুধবার মিটিং হয়েছে। তাদের কাছে আমরা যে দাবিগুলো উপস্থাপন করেছি, আজ উপদেষ্টাকেও একই দাবি জানিয়েছি। উপদেষ্টা মহোদয় আমাদের বলেছেন যে, তিনি বিষয়গুলো ইতিবাচকভাবে চিন্তা করবেন।
ডিপি ওয়ার্ল্ড ইস্যু ও শ্রমিকদের দাবির বিষয়ে সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য ছিল এনসিটি ‘ডিপি ওয়ার্ল্ড’ নামে কোনো কোম্পানিকে দেওয়া যাবে না। উপদেষ্টা আমাদের বলেছেন, এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে না দেওয়ার জন্য তিনি একক কর্তৃপক্ষ নন। উনার ওপরেও রাষ্ট্রের কর্তৃপক্ষ আছে। তিনি সরকারের সঙ্গে কথাবার্তা বলে যত দ্রুত সম্ভব দু-এক দিনের মধ্যে আমাদের অবহিত করবেন।
ইব্রাহীম খোকন আরও উল্লেখ করেন, আমাদের অন্যতম প্রস্তাব ছিল এই আন্দোলনে থাকা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। কোনো শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর রাখা যাবে না এবং কর্মচারীদের স্ব-স্ব জায়গায় পুনর্বহাল করতে হবে। এই বিষয়টি উপদেষ্টা মেনে নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন।
