ভোটের বিনিময়ে জান্নাত চাইলে জিজ্ঞেস করবেন—বাসস্ট্যান্ড কোথায়: সালাহউদ্দিন


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে নেমেই সহজ সরল মানুষের মাঝে জান্নাতের টিকেট বিক্রি শুরু করেছে। ভোট আদায়ে এটি একটি অবান্তর কথা এবং ধোঁকাবাজি। ভোটের বিনিময়ে কেউ যদি জান্নাত দেওয়ার কথা বলে, তবে তাকে জিজ্ঞেস করবেন—সেই জান্নাতের বাসস্ট্যান্ড কোথায়? ইসলামের নামে ভোটের রাজনীতি করা ইমানের ক্ষতি করে। আল্লাহর কাজ বান্দা করতে পারে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রতিপক্ষের অবস্থান নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে দেশের ইতিহাস বিকৃত করছে। যারা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মা-বোনদের তুলে দিয়েছিল, সেই স্বাধীনতাবিরোধী শক্তিই আজ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে পরিচিত করাতে চাইছে। ওই দলের আমির সাহেব দাবি করেছেন—তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। অথচ বাস্তবতা হলো, বিএনপিই প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। এই দলের প্রতিষ্ঠা হয়েছে স্বাধীনতার ঘোষকের মাধ্যমে। বিএনপিতে যে সংখ্যক সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, অন্য কোনো দলে তার তুলনা নেই।

শিলখালী ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, এই নতুন ইউনিয়ন গঠনে আমার ভূমিকা রয়েছে। আমি আপনাদের বলেছিলাম—কাদামাটি মাড়িয়ে ভোটকেন্দ্রে যেতে হবে না। সেই কথা আমি রেখেছি, এলাকার রাস্তা-ঘাট পাকা করে দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে সালাহউদ্দিন আহমদ চকরিয়ার পহরচাঁদা মছন্যাকাটা এলাকায় দিনের প্রথম নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এরপর দুপুরে শিলখালী, বিকেলে রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয় মাঠ এবং সন্ধ্যায় উপকূলীয় মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী পথসভায় বক্তব্য দেন। সবশেষে রাতে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি অংশ নেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু ও উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুটসহ স্থানীয় নেতৃবৃন্দ।