
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে শিক্ষিত বেকার তরুণ ও যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। এর মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকারত্ব নিরসনের পাশাপাশি সমাজ থেকে অন্যায়, জুলুম ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়াই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলার টইটং উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনগণের অকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হলে হারবাং-বারবাকিয়া সড়কের দ্রুত সংস্কার করা হবে। এছাড়া টইটংয়ের সঙ্গে আজিজনগর স্টেশন পর্যন্ত টেকসই যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং যেসব ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানে নতুন বিদ্যালয় স্থাপন করা হবে।
টইটং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি জিয়াউল হক সফিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল কালাম আযাদ, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন, সেক্রেটারি নূরুল কবির, জেলা জামায়াতের শুরা সদস্য ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু এবং জেলা শিবিরের মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আলী আহসান মোহাম্মদ মোজাহিদসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ। পথসভায় স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
