
ব্যাংক লুটপাটকারী, চাঁদাবাজ ও দুষ্কৃতকারীদের প্রতিহত করতে ‘একতারা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী। তিনি বলেছেন, সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়তে হলে একতারা প্রতীক শুধু একটি চিহ্ন নয়, এটি দুর্নীতি ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনভর ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী বলেন, জনগণের আমানত ভোটেই ফটিকছড়িবাসীর ভাগ্য পরিবর্তন সম্ভব। পুরো ফটিকছড়িতে এবার একতারার পক্ষে জনসমর্থনের জোয়ার তৈরি হয়েছে। দেশকে সন্ত্রাসমুক্ত, মামলাবাজ ও অর্থ লুটপাটমুক্ত করতে হলে একতারার কোনো বিকল্প নেই।
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিএসপি চেয়ারম্যান দৃঢ়তার সঙ্গে বলেন, একতারা মার্কার বিজয় নিশ্চিত করা গেলে পুরো ফটিকছড়ি উপজেলা একটি মডেলে পরিণত হবে। রাস্তাঘাটের আমূল উন্নয়ন হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোখাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ।
দিনভর এই গণসংযোগকালে বিএসপি চেয়ারম্যানের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবদুল হামিদ, মোহাম্মদ জয়নাল আবেদীন, তারেকুল ইসলাম, শহীদুল্লাহ, বিএসপি নেতা মো. সাহাবুদ্দিন ও মোহাম্মদ ওসমান প্রমুখ।
