‘সুযোগ পেলেই জাতিসংঘের সহায়তা চাওয়া হবে’: হাদি হত্যা নিয়ে প্রেস সচিব


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতারা যখন হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন, ঠিক তখনই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হলো।

হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সুযোগ পেলেই জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এ ঘটনার তদন্তে প্রস্তাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, এই মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।